সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দুই বছরেও হত্যাকাণ্ডের কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
মাছরাঙা টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাংবাদিক নেতা, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ‘অবিলম্বে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সব মানুষকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দুই বছরে জোড়া খুনের কূলকিনারা না হওয়া, জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কজনক। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
এ সময় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ওরফে সুজন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও মাছরাঙা টেলিভিশনের মোস্তাফা জামান রায়হানী।