মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গতকাল সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই ঘটনা কেবল সাংবাদিকতা জগতের জন্য নয়, এটি পুরো জাতির জন্য অশনিসংকেত। মানববন্ধন ও মৌন মিছিল শেষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সুজন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাধব দীপ, সাংবাদিক আলমগীর সবুজ, তাজুল ইসলাম, সরোজ আহমেদ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ও শহরের কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।