সাংবাদিক দম্পতির আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে এক সাংবাদিক ও তাঁর স্ত্রীর। চিকিৎসা চালিয়ে যেতে না পারলে ওই সাংবাদিক স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাবেন বলে চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। ওই সাংবাদিক দম্পতি গত বছর সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় হওয়া মামলায় সঠিক বিচার পাবেন না বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।ওই সাংবাদিকের নাম মশিউল হক। তিনি সমকাল-এর নড়াইলের কালিয়া উপজেলা প্রতিনিধি। তাঁর স্ত্রীর নাম রীনা বেগম। তাঁদের বাড়ি একই উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুলাই গভীর রাতে মশিউলের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ করা হয়। এতে মশিউল ও রীনা বেগম গুরুতর আহত হন। বোমার আঘাতে মশিউলের ডান হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ ছাড়া তাঁঁর মাথা ও বাঁ পায়ে স্প্লিন্টার ঢুকে যায়। তাঁর স্ত্রীর শরীরের বিভিন্ন অংশেও বোমার স্প্লিন্টার ঢোকে। এ ঘটনায় মশিউলের ভাই মনিবুল হক বাদী হয়ে ১৬ জুলাই নড়াগাতি থানায় মামলা করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক কর্নেল এম এ মান্নান জানান, চিকিৎসা অব্যাহত না রাখলে মশিউল হক পঙ্গু হয়ে যেতে পারেন।মশিউল হক বলেন, ‘আর্থিক সমস্যার কারণে আমার পক্ষে চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দুই সন্তান ও পরিবার নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছি।’ সুষ্ঠু বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে মশিউল বলেন, হামলার ঘটনায় হওয়া মামলার আসামি মেহেদী, রুবেল ও রিয়াজ ছাড়া বাকি আটজন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে বেরিয়ে এসেছে। আদালত ১৮ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা নিম্ন আদালতে হাজির হয়নি। পুলিশও তাদের গ্রেপ্তার করছে না। নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, হাজিরা দিতে না যাওয়া আট আসামি পলাতক রয়েছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।