সাংবাদিক দম্পতির বাসায় হামলা একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শেখঘাট এলাকায় বসবাসরত এক সাংবাদিক দম্পতির বাসায় গত মঙ্গলবার রাতে একদল যুবক হামলা করেছে। বখাটেপনার প্রতিবাদ করায় এ হামলা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় রাতেই মামলা হলে পুলিশ গতকাল বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার রাত আটটায় পাঁচ-ছয়জন যুবক মানব জমিন পত্রিকা ও একুশে টিভির সিলেট ব্যুরোপ্রধান ওয়েছ খছরু ও ফটোসাংবাদিক বিলকিস আক্তারের বাসায় গিয়ে ওয়েছের ছোট তিন ভাইকে মারধর করে। এ সময় ওয়েছ ও বিলকিস পেশাগত কাজে বাসার বাইরে ছিলেন। খবর পেয়ে প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে তিন ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যে সাংবাদিকের ছোট ভাই সাহারুল রুহুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংবাদিক দম্পতির বাসার কাছে বখাটেদের একটি দল প্রায়ই কলেজ ও স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করত। সাংবাদিকের ছোট তিন ভাই বখাটেপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ হামলা হয়েছে বলে সাংবাদিক ওয়েছ খছরু জানান। এ ঘটনায় রাতেই তিনি হামলাকারীদের নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। গতকাল সকালে মিনহাজ নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।সাংবাদিক দম্পতির বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।