সাংবাদিক দম্পতির হত্যায় মন্ত্রী, রাজনীতিক ও সংগঠনের শোক
সাংবাদিক দম্পতি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারের মন্ত্রী ও রাজনীতিকেরা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে এই হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এক শোকবার্তায় বলেছেন, তদন্তের মাধ্যমে নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।পৃথক বিবৃতিতে আইনমন্ত্রী শফিক আহমেদ দুই তরুণ সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির গভীর শোক জানিয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পৃথক শোকবার্তায় হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেছেন। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি এক বিবৃতিতে সাংবাদিক ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে।জাতীয়তাবাদী মহিলা দল সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই এর জন্য দায়ী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেব্ল টিভি দর্শক ফোরাম, পেশাজীবী সমন্বয় পরিষদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফিরোজ রশীদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। রুনির গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে শোক: প্রথম আলোর প্রতিনিধিরা জানান, স্বামীসহ খুন হওয়ায় সাংবাদিক মেহেরুন রুনির গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে। সবাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল জয়পুরহাট, বান্দরবান, খাগড়াছড়ির দীঘিনালা ও মাদারীপুরের শিবচরে মানববন্ধন, প্রতিবাদ, শোকসভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সংবাদিকেরা।