সাংবাদিক দীপংকর হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১
প্রতিথযশা সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে সাইদুল ইসলাম (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়।সাইদুল শেরপুর উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গতকাল রোববার সাইদুলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধঘোষিত জেএমবির অপতৎপরতার সঙ্গে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে ২০০৬ সালে বিস্ফোরকদ্রব্য আইনে একটি এবং অস্ত্র আইনে একটি মামলা ছিল।পুলিশ জানায়, দীপংকর চক্রবর্তীর হত্যা মামলায় জড়িত সন্দেহে শুরুতে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সেই সময় তদন্ত শেষে সিআইডি থেকে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। পরে আদালতে নারাজি আবেদন করা হলে ২০০৮ সালের ২০ নভেম্বর মামলাটি আরও তদন্তের জন্য শেরপুর থানায় পাঠানো হয়।দীপংকর চক্রবর্তী ২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের সান্যালপাড়ায় বাড়ি ফেরার পথে বাড়ির গেটের সামান্য দক্ষিণে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। মৃত্যুর ঘটনা নিয়ে পরের দিন দীপংকরের বড় ছেলে পার্থসারথি চক্রবর্তী বাদী হয়ে মামলা করেন।ওসি আমিরুল ইসলাম জানান, দীপংকর চক্রবর্তীকে যে সময় হত্যা করা হয়, ওই সময় সারা দেশে নিষিদ্ধঘোষিত জেএমবির অপতৎপরতা ছিল এবং তাদের দ্বারা একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। দীপংকরকে তাদের দিয়ে হত্যা করানো হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সাইদুলকে গ্রেপ্তার করা হয়।দীপংকর চক্রবর্তী ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি, শেরপুর ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক ছিলেন। শেরপুরের ঐতিহ্যবাহী মা ভবানী মন্দির, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।