বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি দীপংকর চক্রবর্তীকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি হত্যা করেছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন জঙ্গিনেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। তিনি বলেছেন, জঙ্গিদের নিয়ে লেখালেখি করায় তাঁকে হত্যা করা হয়।
বগুড়ার শেরপুরের আমলি আদালতে গত সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন ঢাকার গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তবে সাংবাদিক দীপংকরের পরিবার এ জবানবন্দির তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
২০০৪ সালের ২ অক্টোবর রাতে কর্মস্থল থেকে শেরপুর উপজেলার স্যানালপাড়ার বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা দীপংকর চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর ছেলে পার্থসারথি চক্রবর্তী পরদিন শেরপুর থানায় মামলা করেন। এ মামলায় তিন দফা চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। সর্বশেষ ২০১৪ সালের ১২ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশকে পুনঃ তদন্তের নির্দেশ দেন আদালত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জবানবন্দিতে জাহাঙ্গীর আলম বলেছেন, ফাঁসি কার্যকর হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শ্ুরা সদস্য সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও জেএমবির তৎপরতা নিয়ে লেখালেখির কারণে দীপংকর চক্রবর্তীকে হত্যা করা হয়েছিল। হত্যার নির্দেশ দেন জেএমবির অপারেশনাল কমান্ডার শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আওয়াল।
জবানবন্দিতে আরও বলা হয়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগরের একটি আস্তানায় আবদুল আওয়ালের নেতৃত্বে সাংবাদিক দীপংকর হত্যার পরিকল্পনার বৈঠক হয়েছিল। পরে হত্যাকাণ্ডে জাহাঙ্গীর ছাড়াও সারোয়ার জাহান মানিক, নুরুল্লাহ ও সানাউল্লাহ নামের তিনজন অংশ নেন।
অবশ্য দীপংকর চক্রবর্তীর ছেলে ও এই হত্যা মামলার বাদী পার্থসারথি চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘মামলাটিতে তিন দফা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবারই আদালতে অধিকতর তদন্তের আবেদন করেছি। ২০১৪ সাল থেকে তদন্তের নামে ডিবি পুলিশ কালক্ষেপণ করছিল। এত দিন পর বলা হচ্ছে, এটা জঙ্গিদের কাজ।’ তিনি বলেন, ‘জাহাঙ্গীরের নাম এত দিন আসেনি। তা ছাড়া তাঁর বয়স এখন ২৬ থেকে ২৭ বছর। ১৩ বছর আগে বয়স ছিল ১৪-১৫ বছর। ওই বয়সে এমন দুর্ধর্ষ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি বেশ অবিশ্বাস্য।’
দীপংকর চক্রবর্তীর আরেক ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে একটা দায়সারাভাব দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার এত বছর পরও সুষ্ঠু তদন্ত করেনি। বিভিন্ন সময় তারা ঘটনাটি জঙ্গিরা ঘটিয়েছে উল্লেখ করলেও সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি। তাই এ জবানবন্দি কতটুকু সঠিক, তা নিয়ে সন্দেহ আছে।’
সম্প্রতি টাঙ্গাইলে গ্রেপ্তার হন জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী। বগুড়ার পুলিশ তাঁকে দুটি মামলায় চার দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরই একপর্যায়ে সোমবার দীপংকর হত্যাকাণ্ড বিষয়ে আদালতে জবানবন্দি দেন তিনি।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, জবানবন্দিতে জাহাঙ্গীর বলেছেন, ২০০১ সালে জেএমবিতে যোগ দেন তিনি। ২০০৪ সালে গাইবান্ধা থেকে সিরাজগঞ্জ যান তিনি। সেখানে নজরুল ইসলাম ও সারোয়ার জাহানসহ (সম্প্রতি আশুলিয়ায় নিহত) জেএমবির অন্য নেতাদের সঙ্গে পরিচিত হন। দুই মাস পর দীপংকর হত্যায় অংশ নেন তিনি।
পুলিশ সুপার বলেন, ২০০৪ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আজিজুল হক কলেজের পেছনে একটি জঙ্গি আস্তানায় আশ্রয় নেন জাহাঙ্গীর। সেখানে নুরুল্লাহ, সানাউল্লাহসহ আরও ১০-১২ জঙ্গির সঙ্গে তাঁর পরিচয় হয়। জেএমবির অপারেশনাল কমান্ডার আবদুল আওয়ালের নেতৃত্বে দীপংকর হত্যাসংক্রান্ত বৈঠক মোতাবেক ২ অক্টোবর দিনের বেলা শেরপুরে রেকি করা হয়। হত্যা মিশনে অংশ নেন চারজন। সানাউল্লাহ ও নুরুল্লাহ একটি ব্যাগে দুটি চাপাতি নেন। রাজীব গান্ধীর দায়িত্ব ছিল গতিবিধি লক্ষ করা। হত্যার মূল দায়িত্বে ছিলেন সানাউল্লাহ ও নুরুল্লাহ। রাত ১২টায় বগুড়া থেকে কাজ শেষে সাংবাদিক দীপংকর শেরপুরে নেমে একটি হোটেলে চা পান করেন। পরে বাড়ির দিকে রওনা দিলে জঙ্গিরা পিছু নেন। বাড়ির ফটকের সামনে পৌঁছালে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।