সাংবাদিক দীপংকরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সভা
বগুড়ার প্রবীণ সাংবাদিক দীপংকর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার বগুড়া প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি দীপংকর চক্রবর্তীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ সমাবেশের আয়োজন করা হয়।একই দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে নিহত সাংবাদিকের স্ত্রী অঞ্জনা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ ছয় বছর আগে সাংবাদিক দীপংকর চক্রবর্তী খুন হওয়ার পর আজ পর্যন্ত তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার তো দূরের কথা, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি আখতারুজ্জামান, নির্বাহী সদস্য সমুদ্র হক ও আমিনুল ইসলাম চৌধুরী, বিইউজের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, উত্তরাঞ্চলের ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।বগুড়ার শেরপুরে মানববন্ধন চলাকালে অঞ্জনা চক্রবর্তী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার স্বামীর হত্যাকারী, আমি জানতে চাই।’ তিনি সরকারের কাছে তাঁর স্বামীর হত্যার সঠিক তদন্ত করে হত্যাকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম, সাংবাদিক সাইফুল বারী, অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, পৌর কাউন্সিলর ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ প্রমুখ।