সাংবাদিক নাদিয়ার নির্যাতনকারীদের আদালতে হাজির করতে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া শারমিন
নাদিয়া শারমিন

একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনকে নির্যাতনের জন্য দায়ীদের খুঁজে বের করে আদালতে হাজির করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকারি হাসপাতালে তাঁকে বিনা মূল্যে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বরাবর এ নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
সম্প্রতি নাদিয়া শারমিনকে নিয়ে ‘ভাঙা পা নিয়ে বিছানায় সাংবাদিক, পাশে দাঁড়ানোর কেউ নেই’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদনের কপি যুক্ত করে মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদনটি করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

অপর নির্দেশনায় নাদিয়া শারমিনের চিকিৎসায় জ্যেষ্ঠ অধ্যাপকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুসারে প্রয়োজনে বিদেশে তাঁর বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে।

রুল বিচারাধীন থাকা অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি সাত দিনের মধ্যে গোয়েন্দা বিভাগে পাঠাতে পুলিশের মহাপরিদর্শক ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলেছেন আদালত।

আদালতের এসব নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র ও স্বাস্থ্যসচিব, ডিজি হেলথ, ঢাকা মেডিকেলের পরিচালক, পুলিশের মহাপরিদর্শক, জয়েন্ট কমিশনার (ডিবি), ঢাকা মহানগর পুলিশের কমিশনার, মতিঝিল অঞ্চলের কমিশনার ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৬ এপ্রিল হেফাজতে ইসলামের সমাবেশে নাদিয়া শারমিন দায়িত্ব পালন করছিলেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রশ্ন তুলে বলা হয়, পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন? এ নিয়ে নাদিয়ার সঙ্গে সমাবেশকারীদের বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সমাবেশের কয়েকজন নাদিয়াকে মারতে মারতে সমাবেশ থেকে বের করে দেয়। পল্টন থেকে নাদিয়াকে মারতে মারতে দিগন্ত টেলিভিশনের কার্যালয়ের কাছ পর্যন্ত নিয়ে যায় তারা। এ সময় কয়েকজন সাংবাদিক এসে নাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।