সাংবাদিক নিখিলকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবি
বাসের চাপায় পা হারানো সাংবাদিক নিখিল ভদ্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।নিখিলকে ৭২ ঘণ্টার মধ্যে সরকারি খরচে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। নিখিল পুরোপুরি সুস্থ হয়ে কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত তাঁর পরিবারের ভরণপোষণ দেওয়ারও দাবি জানানো হয়।জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব), পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে এ দাবি জানায়।গত বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসি বাসের চাপায় আহত হন দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র। পরে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়।এ ঘটনায় বিআরটিসির বাসচালক সোহেল রানার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন নিখিলের ছোট ভাই সৌরভ ভদ্র। মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, সোহেল রানা গত বুধবার সকালে নিখিলকে চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন।