সাংবাদিক নিজাম উদ্দিনের ইন্তেকাল

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কনসালট্যান্ট এডিটর মো. নিজাম উদ্দিন (৬৯) গত বুধবার কানাডার টরেন্টো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানানো হয়, তাঁকে টরেন্টোতেই দাফন করা হবে।
নোয়াখালীর সন্তান নিজাম উদ্দিন ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি নিয়ে মর্নিং নিউজ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। এরপর কয়েক দশক বাংলাদেশ অবজারভার পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে বাসসে জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন।
খ্যাতিমান সাংবাদিক নিজাম উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ গোটা বাসস পরিবার। বাসস।