সাংবাদিক নির্যাতন: অভিযুক্ত বারীকে প্রত্যাহারে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের দুই সাংবাদিককে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের আইডিয়া প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আবদুল বারীকে প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই চিঠি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবদুল বারী আজ থেকে নিবন্ধন বিভাগে নেই। তিনি আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন ভবনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদক জি এম মোস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদকে মারধর করেন। তাঁরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। আবদুল বারী নিজ কক্ষে দুই সাংবাদিককে মারধরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন বলে অভিযোগ। এ সময় নিবন্ধন বিভাগের অন্য পরিচালক মোহসীন আলীও সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কমিশনের আজ বৈঠকে আলোচনা হয়।

আলোচনা শেষে কমিশনের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উপসচিব আবদুল বারীকে প্রত্যাহার করে অন্য কর্মকর্তা দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার পাশাপাশি সামনে উন্নতমানের পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের চ্যালেঞ্জিং কাজে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কোনো স্থান নেই।