সাংবাদিক নির্যাতন বন্ধে তিন জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন বন্ধ ও বাংলাদেশ প্রতিদিন-এর সাভার প্রতিনিধি নাজমুল হুদার মুক্তির দাবিতে গতকাল রোববার মাগুরা, বরিশাল ও যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:

মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে গতকাল দুপুরে সাংবাদিক ও সুধী সমাজ মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান ও সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে একটি মহল ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাঁকে শিগগির মুক্তি দেওয়া হোক। পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন ও সব ধরনের হয়রানি বন্ধ করা হোক।

এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক ইউনিটি বাংলাদেশ প্রতিদিন ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিমানবন্দর প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল সাংবাদিক পরিষদ, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, ফটো সাংবাদিক ঐক্য পরিষদ, ফটো সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, আঞ্চলিক ও জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে বক্তব্য দেন আঞ্চলিক দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরোপ্রধান মুরাদ আহমেদ, সমকাল-এর ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জি, যুগান্তর-এর ব্যুরোপ্রধান আকতার ফারুক, ইত্তেফাক-এর ব্যুরোপ্রধান লিটন বাশার প্রমুখ। তাঁরা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে।

এদিকে বেলা ১১টার দিকে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এক ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, বাংলাদেশ প্রতিদিন-এরনিজস্ব প্রতিবেদক (যশোর) সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নাজমুল হুদার সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তা কণ্ঠরোধেরই শামিল। তাঁকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। যে প্রতিবেদন প্রকাশের জন্য নাজমুল হুদাকে আটক করা হয়েছে, সেই প্রতিবেদনটি সাংবাদিকতার নীতিমালা মেনে সব পক্ষের বক্তব্য নিয়েই করা হয়।

আশুলিয়ার শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে গত ২৩ ডিসেম্বর নাজমুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি হিসেবে কাজ করেন। পুলিশ তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেছে। আশুলিয়া থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাশাপাশি সরকারের ভাবমূর্তিÿক্ষুণ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মুঠোফোন ও ল্যাপটপ ব্যবহার করে নাজমুল মিথ্যা সংবাদ পরিবেশন করেন।