সাংবাদিক নির্যাতন বেড়েছে গত মাসে ২৬ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা বাহিনী বা ক্ষমতাসীনদের আক্রমণের শিকার হয়ে গত মে মাসে সারা দেশে ২৬ জন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় লাঞ্ছিত করা হয় ১২ সাংবাদিককে। হুমকি-ধামকির শিকার হন সাতজন। এই পরিসংখ্যান মানবাধিকার সংস্থা অধিকারের। সংস্থাটি প্রতি মাসেই দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করে। অধিকারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের পাঁচ মাসের মধ্যে গত মাসেই দেশে সাংবাদিকেরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নিজ বাসায় খুন হন। গত পাঁচ মাসে সারা দেশে আক্রমণের শিকার হন ৭২ জন সাংবাদিক। এ সময় লাঞ্ছিত হন ৩৫ সাংবাদিক, হুমকি দেওয়া হয় ৪৩ জনকে। সাংবাদিকদের ওপর আক্রমণ ও নির্যাতনে জড়িতদের এবং হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি সুপারিশ করেছে অধিকার। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তিনটি। এ ছাড়া কারা হেফাজতে মৃত্যু হয় দুজনের। তবে গত মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত ও একজন অপহূত হয়। তবে এপ্রিলের তুলনায় মে মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা কমেছে। অধিকারের তথ্য অনুযায়ী, মে মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নয়জন মারা গেছে। আহত হয়েছে এক হাজার ৫৪০ জন। আর গণপিটুনিতে মারা গেছে ১২ জন। এ ছাড়া গত মাসে সারা দেশে ৬৩টি ধর্ষণ, ৪১টি যৌন হয়রানি, ৪৫টি যৌতুক সহিংসতা, আটটি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে। একই মাসে সারা দেশে সাতবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।