সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যের শাস্তির দাবি
ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদাকে নির্যাতনকারী পুলিশ সদস্য রমনা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক মানববন্ধনে সমিতির সভাপতি মাসুম বিল্লাহ এ সময় বেঁধে দেন। তিনি বলেন, ‘পুলিশ নাজমুল ও তাঁর বন্ধু খায়রুজ্জামানকে গাড়িতে তুলে বন্দুক দিয়ে পেটায় এবং পায়ের বুটজুতা দিয়ে নির্মমভাবে অনবরত লাথি মারতে থাকে। পুলিশের এ অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং ২৪ ঘণ্টার মধ্যে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
সাধারণ সম্পাদক সানাউল হক বলেন, একটি গণতান্ত্রিক দেশে পুলিশের এই অমানবিক আচরণ সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। পুলিশ জনগণের বন্ধু হবে, এটা সবাই চায়। সেই পুলিশ যদি এত হিংস্র হয়, তবে মানুষ যাবে কোথায়।
একই সময়ে আলাদা ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ‘সাধারণ শিক্ষার্থীরা’ ব্যানারে শিক্ষার্থীদের একটি দল।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক বলেন, ‘পুলিশ যে দিনে দিনে অমানবিক আচরণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, তা খুব ভালো লক্ষণ নয়। পুলিশ আজ নাজমুলের ওপর চড়াও হয়েছে, কাল আমার ভাইয়ের ওপর, তারপর আমার ওপর চড়াও হবে। একটি স্বাধীন দেশে এটি কোন ধরনের অসভ্য আচরণ, তা আমাদের বোধগম্য নয়।’
রোববার বিকেলে নাজমুল তাঁর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ফকিরেরপুলে যাওয়ার সময় বিজয়নগর মোড়ে একাধিক যাত্রী বহনের অপরাধে পুলিশ তাঁদের গাড়ি জব্দ করে। একই সময়ে দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে সেদিকে গেলে নাজমুল তাঁর মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে তাঁদের তিন দফা মারধর করে পুলিশ। এতে নাজমুলের মাথা ফেটে যায়। তাঁদের সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন—প্রেসক্লাব ও জাতীয়তাবাদী ছাত্রদল এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।