রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বিবৃতি
সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে গত মঙ্গলবার তিন সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠনের ওয়েবসাইটে গত বুধবার সংস্থার একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ব্যাপকতা বেড়েছে। গণমাধ্যমের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফ্রান্সভিত্তিক এই সংস্থা।বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স উল্লেখ করেছে, ‘বাংলাদেশে ক্রমাগতভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় কয়েক মাস ধরে আমরা ওই দেশের সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু এ পর্যন্ত সরকার কিছুই করেনি।’ এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রসারের লক্ষ্যে যে অবদান রেখেছেন, সম্প্রতি সে বিষয়টি উল্লেখ করেছেন। তাঁকে অবশ্যই জরুরি ভিত্তিতে সব সাংবাদিকের নিরাপত্তা বিধান এবং জনগণের তথ্য জানার মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।’ বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বাহিনীর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার সামনে পুলিশ আদালত ভবনে তিনজন সাংবাদিক ও দুজন আইনজীবীর ওপর আকস্মিকভাবে হামলা চালায়। পুলিশ যখন চড়াও হয়, তখন সেখানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান এবং সহকারী পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ উপস্থিত ছিলেন।পুলিশের হামলায় আহত তিন সাংবাদিক হলেনকালের কণ্ঠর এম এ জলিল, বাংলাদেশ প্রতিদিন-এর তুহিন হাওলাদার এবং প্রথম আলোর প্রশান্ত কর্মকার।এর আগে গত ২৬ মে পেশাগত কাজে রাজধানীর আগারগাঁওয়ে ছাত্র বিক্ষোভের ছবি সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিম, সাজিদ হোসেন ও খালেদ সরকার পুলিশি নির্যাতনের শিকার হন। একইভাবে গত ২৮ মে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলাসহ সম্প্রতি সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনার বিবরণ বিবৃতিতে তুলে ধরে সংস্থাটি।