সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশের শাস্তি দাবি
ঢাকায় হরতালে পেশাগত দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (ইমজা) সিলেট শাখা। কর্মসূচি চলাকালে জানানো হয়, গত বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতাল চলাকালে এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো কারণ ছাড়াই পুলিশ সদস্যরা ওই দুজনকে বেধড়ক মারধর করেন।
পাবনা শহরের আবদুল হামিদ সড়কে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করে পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
রাঙামাটির বাঘাইছড়ি শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টায় মানববন্ধন করেন সংবাদকর্মীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।
কুমিল্লার হোমনা উপজেলায় প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টার দিকে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকেরা।