সাংবাদিক নির্যাতনে সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোর জেলা সংবাদদাতাদের ওপর পুলিশ, প্রভাবশালী রাজনীতিক ও স্থানীয় অপরাধীদের নির্যাতন-হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।

ডেইলি স্টার-এর কার্যালয়ে গত ৪ এপ্রিল শনিবার অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ হেফাজতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর নির্যাতনের সাম্প্রতিক ঘটনা বিশেষভাবে আলোচিত হয়। মিজানুর রহমানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে পটুয়াখালীর সিভিল সার্জনের আনুষ্ঠানিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় বলা হয়, মিজানুর রহমানকে সাজানো মামলায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা সত্ত্বেও তাকে জেলহাজতে আটকে রাখা হয়েছে। সম্পাদক পরিষদ এই ঘটনার নিন্দা ও মিজানুর রহমানের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। জেলা প্রতিনিধিদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় সম্পাদক পরিষদ সদস্য সংবাদপত্রগুলোর জেলা প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক পরিষদের সভায় প্রেস কাউন্সিলের একটি সাম্প্রতিক চিঠির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদকদের উদ্দেশে লেখা প্রেস কাউন্সিলের ওই চিঠিতে পেশাদার সাংবাদিকদের কাজের ওপর কিছু শর্ত আরোপের কথা জানানো হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এই অভিমত দেওয়া হয় যে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সম্পাদক পরিষদ জোরালো ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, নিউ এজের সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহ্‌মুদ, এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। বিজ্ঞপ্তি।