সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দুই জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ঢাকায় কর্মসূচি চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার ও জামালপুরের সাংবাদিকেরা। গতকাল সোমবার তাঁরা মানববন্ধন ও সমাবেশ করে ওই হামলার প্রতিবাদ জানান।

গত বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতাল চলাকালে এটিএন নিউজের এহসান বিন দিদার ও আবদুল আলীমকে পুলিশ নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠে।

গতকাল দুপুরে সাংবাদিকদের ওপর নির্যাতন চালানোর প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাধাপদ দেব। সংগঠনের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ, সাংবাদিক ফেরদৌস আহমদ, নুরুল ইসলাম, আবদুর রব, সালাউদ্দিন ইবনে শিহাব, সঞ্জয় কুমার দে প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন করে গণতন্ত্র সংরক্ষণ ও গণতন্ত্রের বিকাশ হবে না। উন্নয়ন ও মানবিক সমাজের বিকাশ চাইলে গণতন্ত্রচর্চাকে সুরক্ষা দিতে হবে। সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জামালপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের দয়াময়ী চত্বর এলাকায় দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে জেলার সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। এতে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন, মুখলেছুর রহমান, বজলুর রহমান, সাযযাদ আনছারী, দুলাল হোসাইন, জাহাঙ্গীর আলম, শওকত জামান প্রমুখ।

বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়েছেন কিছু অত্যুৎসাহী পুলিশ সদস্য। তাঁদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, উপজেলার আফেন্দী নুরুল ইসলাম নামের এক সাবেক শিক্ষক গতকাল একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে নান্দাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এ যুগে কোনো রাষ্ট্রে সাংবাদিক না থাকলে সেই রাষ্ট্র বর্বর হতে বাধ্য’।

আফেন্দী নুরুল ইসলাম নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। গতকাল বিকেলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রতিবাদী মানুষকে পেটানো পুলিশের অভ্যাসে পরিণত হয়েছে। এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়ংকর বিপদ ঘটতে পারে। সমাজে সাংবাদিকের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, তিনি এটা চান। এ বিষয় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।