সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, হুমকি, সাংবাদিক হত্যা, সরকারি গণমাধ্যমে বিরোধী মতের সাংবাদিকদের চাকরিচ্যুতিসহ চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের হোসাইন এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ এক যুক্ত বিবৃতিতে বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সংবাদপত্রের স্বাধীনতার ওপর নানাভাবে হস্তক্ষেপ শুরু হয়। গত এক বছরে হামলা ও নির্যাতনে তিনজন সাংবাদিক নিহত ও ২৩২ জন আহত হয়েছেন। সাংবাদিক নির্যাতনকারী হিসেবে চিহ্নিত একজনকে জাতীয় প্রেস কাউন্সিলে মনোনয়ন দেওয়া এবং গত বুধবার পাবনায় প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ২৬টি মামলা দায়ের ও বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। সরকারের এসব কর্মকাণ্ডের পাশাপাশি আদালতের রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লিখিত বই বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি।