ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসব দাবিতে সমিতির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, পয়লা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পুলিশের বিশেষ নিয়ন্ত্রণকক্ষে গেলে সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও কালের কণ্ঠর প্রদায়ককে প্রহার করে পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা খুবই ন্যক্কারজনক। সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সুজন ঘোষ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সমাবেশে সাংবাদিক সমিতির সদস্যরা বক্তব্য দেন।উল্লেখ্য, গত শনিবার সমকাল-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক মাসুম বিল্লাহ ও কালের কণ্ঠর প্রদায়ক পিন্টু রঞ্জনকে প্রহার করেন পুলিশের চার সদস্য।