সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঢাকায় গত বৃহস্পতিবার পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
জলঢাকা প্রেসক্লাবের আয়োজনে গতকাল বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্টে ওই মানববন্ধন করা হয়। এতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, কালের কণ্ঠ-এর জলঢাকা প্রতিনিধি আসাদুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, অনাথ আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, জলঢাকা বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিমের নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সব সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন। এ সময় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাখ্যান করে তাঁর বক্তব্যের সমালোচনা করেন।