সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা গতকাল মঙ্গলবার এসব কর্মসূচিতে অংশ নেন।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:চট্টগ্রাম: বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় কর্মীদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল বেলা সাড়ে ১১টায় মানববন্ধন হয়। এরপর সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাবের নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা সাংবাদিকদের ওপর হামলা এবং সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হলে বড় ধরনের আন্দোলন শুরুর হুমকি দেন। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক ম. শামসুল ইসলাম, খোরশেদ আলম, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, শামসুল হক, দিদারুল আলম, নাজিমুদ্দীন শ্যামল, স্বরূপ ভট্টাচার্য প্রমুখ। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্যসহ দোষীদের অবিলম্বে বিচারের দাবি জানান সিইউজের সভাপতি শহীদুল আলম। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘পুলিশের পোশাকে সন্ত্রাসী স্টাইলে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনা রাষ্ট্রের ব্যর্থতার পরিচায়ক। অবস্থা দেখে মনে হচ্ছে, রাষ্ট্র যেন ব্যর্থতার চোরাগলিতে প্রবেশ করেছে।’কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকেরা গতকাল সকালে মানববন্ধন করেন। পরে শহরের কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় প্রেসক্লাবের সহসভাপতি এ কে নাছিম খান, সাংবাদিক সাইফুল হক মোল্লা, সুবীর বসাক প্রমুখ। তাঁরা অপরাধী পুলিশ সদস্য ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকার ও পুলিশকে প্রমাণ করতে হবে তাঁরা সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। অন্যথায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সাংবাদিকদের নিয়ে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। দিনাজপুর: দিনাজপুরের সাংবাদিকদের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে গতকাল বেলা ১১টায় আধা ঘণ্টার মানববন্ধন হয়। দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ওই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আজহারুল আজাদ, সাংবাদিক মর্শেদুর রহমান, একরাম হোসেন তালুকদার, শামীম রেজা প্রমুখ। কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের থানা মোড়ে সাংবাদিকদের উদ্যোগে গতকাল সন্ধ্যায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। এরপর এক সমাবেশের আয়োজন করা হয়। ঢাকায় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিকেরা প্রয়োজনে কলম-ক্যামেরা বন্ধ করে দেবেন বলে ওই সমাবেশে হুমকি দেন। জেলা ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেঞ্চদ সমাবেশে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই অপরাধীদের গ্রেপ্তার না করলে কুষ্টিয়া শহর অচল করে দেওয়া হবে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাব, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, উল্লাপাড়া ও শাহজাদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় জড়িত পুলিশ সদস্যসহ অন্য অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফরিদপুর: ঢাকায় প্রথম আলোর তিন আলোকচিত্রীর ওপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক গতকাল মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের উদ্যোগে শহরের সি কে ঘোষ সড়কে গতকাল মঙ্গলবার সকালে এক মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক রবীন্দ্রনাথ পাল, নিয়ামূল কবীর, মো. কামরুজ্জামান, সুপ্রিয় ধর প্রমুখ। নেত্রকোনা: প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাজের ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে এক সমাবেশ হয়। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল, নড়াইলের লোহাগড়া ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।