সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সাংবাদিক জুলফিকার আলীর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দেবহাটা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আবদুর রব, কে এম রেজাউল করিম প্রমুখ। এ সময় দেশব্যাপী গণমাধ্যমের ওপর নিপীড়ন বন্ধের পাশাপাশি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার বাঁশদাহ প্রতিনিধি জুলফিকার আলীর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানানো হয়। বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলা হলেও পুলিশ বাঁশদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ও সদস্য শহিদুল ইসলামসহ অন্য আসামিদের গ্রেপ্তার করছে না। আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ইউপি চেয়ারম্যান ও সদস্য ইউনিয়ন পরিষদের কাজ করছেন। তারপরও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। কর্মরত সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধ এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ না করলে জেলার সব সাংবাদিকের সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, থানায় মামলা হয়েছে। আসামিরা গা ঢাকা দিয়েছেন।
অনিয়ম-দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার সাংবাদিক জুলফিকার আলীকে সদর উপজেলার বাঁশদাহ এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে রোববার রাত ১০টার দিকে পিটিয়ে আহত করা হয়।