গণমাধ্যমের ওপর সরকারের দমন-পীড়নের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। এর বিরুদ্ধে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তা না হলে পরিণতি হবে ভয়াবহ।দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের দুই বছর উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিরা এ কথা বলেন। আমার দেশ কর্তৃপক্ষ এই দিনটিকে সংবাদপত্রের ‘নতুন কালো দিবস’ হিসেবে পালন করেছে। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়।মূলত বিএনপিপন্থী হিসেবে পরিচিতদের এ আলোচনায় স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও এরশাদ সরকারের সময় গণমাধ্যমের ওপর ‘রাষ্ট্রযন্ত্রের হামলা’ ও সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়। তবে বিএনপির শাসনামলের সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো উল্লেখ করা হয়নি। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এরশাদের শাসনামলের সাংবাদিক নির্যাতন নিয়ে একটি ভিডিওচিত্রও প্রদর্শিত হয়। এতে এই সরকারগুলোর আমলে বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন সাংবাদিক আতাউস সামাদ, শফিক রেহমান, রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।ভিডিওচিত্রের পর শুরু হয় মুক্ত আলোচনা। এতে অংশ নিয়ে প্রবীণ আইনজীবী রফিক-উল হক মাহমুদুর রহমানের জেলে যাওয়ার কথা তুলে ধরে বলেন, ‘এটা লজ্জার যে আদালত দ্বারা সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছেন।’ তিনি এ জন্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করে বলেন, তাঁর মতো ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না।সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা সীমার মধ্যে নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা। তিনি আরও বলেন, ‘এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।...এই সরকারের পতন না হলে সমস্যার সমাধান হবে না।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহিদ বলেন, ‘পুলিশ কি কুকুর যে তাঁদের থেকে দূরে থাকতে হবে।