সাংবাদিক নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের যে-ই জড়িত থাক না কেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তার ও দল ভারী করার চেষ্টা করছে। দল ভারী করার জন্য অনুপ্রবেশকারী পরগাছাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিষয়টি আমরা সিরিয়াসলি দেখছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এর মধ্যে অনেককে ঢাকায় এনে সতর্ক করা হয়েছে। তারপরও তারা যদি না শোনে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দলের ভেতর কিংবা বাইরে ঘটনা ঘটলে কখনোই নির্লিপ্ত থাকেনি, তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনায়ও তাদের বিরুদ্ধে গ্রহণ করেছে। এর মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একজন যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, চার লেন প্রকল্পের আফতাব আহম্মেদ খানসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম। আজ শুক্রবার তিনি মারা যান।