সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলতাফ মাহমুদ
আলতাফ মাহমুদ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ (৬২) আর নেই। গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলতাফ মাহমুদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। আলতাফ মাহমুদ স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেরুদণ্ডের সমস্যার কারণে ১৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ। গত বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করা হয়। তাঁকে আজ সোমবার বেলা ১১টায় পটুয়াখালীর গলাচিপা পৌরসভার জৈনপুরি খানকা মাঠে জানাজা শেষে ডাকুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সাংবাদিক হাছিব মাহমুদ।
আলতাফ মাহমুদের দ্বিতীয় জানাজা গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, তথ্যসচিব মরতুজা আহমেদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক ও বর্তমান সাংবাদিক নেতাদের মধ্যে রিয়াজ উদ্দিন আহমেদ, মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, আবদুল জলিল ভূঁইয়া, নাসিমুন আরা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে ইকবাল সোবহান চৌধুরী এবং আওয়ামী লীগের পক্ষে মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আফজাল হোসেন প্রমুখ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে আলতাফ মাহমুদের প্রথম জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।