সাংবাদিক পথিক সাহা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতা পথিক সাহা আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার ভোরে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পরপর দুবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক ছিলেন।পথিক সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।পথিক সাহার পারিবারিক সূত্র জানায়, গতকাল ভোরে তিনি লালমাটিয়ার বাসায় অসুস্থ হয়ে পড়েন। তখনই পার্শ্ববর্তী এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, একমাত্র শিশুপুত্র, মা, ভাইবোন, অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।সকালে মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ তাঁর প্রতি শ্রদ্ধা জানান।এরপর আওয়ামী লীগ অফিস হয়ে তাঁর মরদেহ নেওয়া হয় মগবাজারে বাংলাদেশ প্রতিদিন-এর কার্যালয়ে। সেখানে সহকর্মীরা, বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ মানিকগঞ্জের বাড়িতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।বিভিন্ন সংগঠনের শোক: পথিক সাহার মৃত্যুতে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা), রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, কৃষিবিদ ইনস্টিটিউশন, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সামাজিক আন্দোলন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় গণতান্ত্রিক লীগ, নারী মুক্তি আন্দোলন, মানবতার জন্য আমরা, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র প্রভৃতি সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।