সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে গত রোববার সন্ধ্যায় পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গাজীপুর সদর উপজেলার সালনা এলাকার মামুন সরকার (২৭), কাউলতিয়া ইউনিয়নের মীরেরগাঁও এলাকার বিষ্ণু বর্মণ (২৭), একই ইউনিয়নের কাথোরা গ্রামের কামাল উদ্দিন (২৮), মাইক্রোবাস মালিক-চালক মজনু মিয়া (৩৫) ও বাঙ্গালগাছ এলাকার বাসিন্দা শেলি আক্তার (২৭)।এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, ঈদের আগের দিন সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মোগরখাল গ্রামের মুজিবুর রহমান খান ও কামাল উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে পত্রিকায় খবর ছাপানো ও মাদক মামলায় গ্রেপ্তারের হুমকি দেন। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় এলাকাবাসী একটি মাইক্রোবাসও জব্দ করে। মামুন নিজেকে ঢাকার কেরানীগঞ্জের বড়ইতলী এলাকার ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার সভাপতি এবং বিষ্ণু ও কামাল উদ্দিন একই সংস্থার সদস্য পরিচয় দেন। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (এসআই) আবদুল আলিম জানান, তাঁরা নিজেদের প্রকৃত সাংবাদিক পরিচয়ের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় রাতেই তাঁদের গ্রেপ্তার করে জয়দেবপুর থানা হাজতে পাঠানো হয়েছে।