সাংবাদিক পরিচয়ে বাড়ি দখলের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সাংবাদিক পরিচয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যান ওই সাংবাদিক ও তাঁর ভাড়াটে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে নগরের কলেজ রোড এলাকার গোলাম মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে।বাড়ি দখল করতে যাওয়া বাহাউদ্দিন বাহাদুর নিজেকে জাতীয় দৈনিক আজকের অগ্রবাণীর প্রতিনিধি ও প্রকাশিতব্য আঞ্চলিক দৈনিক অজানার সহকারী সম্পাদক পরিচয় দেন।গোলাম মোস্তফার পরিবারের ভাষ্যমতে, বাহাউদ্দিন বাহাদুর ১০-১৫ জন লোক নিয়ে গতকাল সকালে তাঁদের বাড়ির ফটক ভেঙে দৈনিক অজানা পত্রিকার সাইনবোর্ড ঝুলিয়ে সীমানা পিলার পুঁততে শুরু করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পুলিশ ও র‌্যাবকে জানানো হয়। অন্যদিকে সন্ত্রাসীরা বাড়ি দখল করছে শুনে এলাকাবাসীও জড়ো হতে থাকে। তারা দু-একজন সন্ত্রাসীকে ধরে মারধরও করে। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে সন্ত্রাসীরা পুলিশ আসার আগেই পালিয়ে যায়। জানতে চাইলে সাংবাদিক পরিচয়দানকারী বাহাউদ্দিন বাহাদুর প্রথম আলোকে বলেন, ‘এক বছর আগে আমি ওখানে মো. জসিমউদ্দিনের কাছ থেকে ১৪ শতাংশ জমি কিনি। ওই জায়গার দখল বুঝে নিতে সংবাদপত্রের সাইনবোর্ড ও লেবার (শ্রমিক) নিয়ে কাজ করতে যাই। কিন্তু আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।’