সাংবাদিক পরিচয়ে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়নি: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে সাংবাদিক পরিচয়ে বাড়িতে ঢুকে গ্রেপ্তার করা হয়নি। গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যাকেট পরিহিত ব্যক্তিরাই তাঁকে গ্রেপ্তার করেছেন।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশ সন্দেহবশত বা অভিযোগের ভিত্তিতে যেকোনো ছদ্মবেশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। কখনো হকার কিংবা কখনো ভিক্ষুকও সাজতে হয়। কিন্তু শফিক রেহমানকে গ্রেপ্তারকারী পুলিশ টিমের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছে, ডিবির জ্যাকেট পরা ব্যক্তিরাই তাঁকে গ্রেপ্তার করেছেন। কোনো কৌশল ব্যবহার করা হয়নি। ডিবির সদস্যরা তাঁদের জ্যাকেট পরেই সসম্মানে তাঁকে নিয়ে এসেছেন।’
অপরাধবিজ্ঞান বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও বাংলা বর্ষবরণ উপলক্ষে গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মরিয়ম প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি শহীদুল হক বলেন, বিচারাধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। কিন্তু শফিক রেহমানকে গ্রেপ্তার করার পর গণমাধ্যম ও টক শোতে যে ধরনের আলোচনা হচ্ছে, সেটি ঠিক নয়। কারণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সবার ক্ষেত্রে নিয়ম অনুযায়ীই চলবে। তিনি বলেন, ‘আমাদের দেশে মিডিয়া যা ইচ্ছা তা-ই বলছে। তাদের কোনো জবাবদিহি নেই। তারা যা ইচ্ছা তা লিখবে, কিন্তু কোনো মামলা দেওয়া যাবে না, অভিযোগ করা যাবে না, কিছু বলা যাবে না।’ তিনি বলেন, ‘সামাজিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছুই নেই। ফলে ফেসবুকে যা ইচ্ছা তা-ই লিখছে। যার কারণে কিন্তু সামাজিক বিপর্যয়গুলো হচ্ছে।’