সাংবাদিক পান্না বালা আরও এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক পান্না বালাকে আরও এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে তাঁকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয় দিনের রিমান্ড চাইলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পান্না বালার আইনজীবী উৎপল মুখার্জি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ািল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা গতকাল দুপুরে পান্না বালাকে আদালতে হাজির করে মামলার অধিকতর তদন্তের স্বার্থে আরও ছয় দিনের রিমান্ড আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা পান্না বালার জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ ছাড়া আদালত মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে গত সপ্তাহে পান্না বালাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার তা শেষ হয়।
১ আগস্ট সকালে ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাসা থেকে পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে জয়ন্তী সরকারের বড় ভাই মনোজ সরকার বাদী হয়ে পান্না বালা, তাঁর মা ও ছোট বোনকে আসামি করে কোতোয়ািল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।