সাংবাদিক পান্না বালার জামিন নামঞ্জুর
স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। গতকাল রোববার ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোরশেদ ইমতিয়াজ আবেদনটি নামঞ্জুর করেন।
পান্না বালার আইনজীবী উৎপল মুখার্জি বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মোরশেদ ইমতিয়াজের কাছে জামিনের জন্য আবেদন করা হয়। কিন্তু আদালতের বিচারক তা নামঞ্জুর করেন।
উৎপল মুখার্জি আরও বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। পান্না বালার জামিনের জন্য শিগগিরই আমরা উচ্চ আদালতে আবেদন জানাব।’
এর আগে গত শনিবার বেলা পৌনে দুইটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন জানান। সাপ্তাহিক ছুটির কারণে বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রি শুনানি ছাড়াই ২৬ আগস্ট মামলার শুনানির দিন ধার্য করে পান্না বালাকে কারাগারে পাঠান।
গত শুক্রবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি অম্বিকা সড়কের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়ন্তী সরকারের ভাই মনোজ কান্তি সরকার বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেন। মামলায় সাংবাদিক পান্না বালাকে (৫২) প্রধান আসামি করা হয়। এ ছাড়া তাঁর মা অঞ্জলী বালা (৭৮) ও বোন তৃপ্তি বালাকে (৪২) আসামি করা হয়।