সাংবাদিক পেটানোর ঘটনায় প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে পেটানোর ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে গতকাল মঙ্গলবার তা প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার প্রথম আলোকে বলেন, তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, ওই প্রতিবেদনে পুলিশের অন্তত সাতজন কর্মকর্তা ও সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। আজ পুলিশ কমিশনার এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।
গত বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন এটিএন নিউজের প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলীম।