সাংবাদিক পেটানো বাউফলের ওসি অন্যত্র বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর কারাবন্দী প্রতিনিধি মিজানুর রহমানকে নিষ্ঠুরভাবে পেটানো সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকারকে অন্যত্র বদলি করা হয়েছে।
নরেশ চন্দ্রের স্থানে নতুন ওসি হিসেবে গত বুধবার যোগ দিয়েছেন ঝালকাঠির রাজাপুর থানার ওসি মো. মাকসুদুজ্জামান। নরেশের বদলির আদেশের তারিখ জানা যায়নি।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম আজিমুল হক দাবি করেন, দীর্ঘদিন বাউফল থানায় কর্মরত থাকায় নরেশ চন্দ্রকে বিভাগীয় রুটিনমাফিক বদলি করা হয়েছে। তবে তাঁকে কোথায় বদলি করা হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. রোকনুজ্জামান জানান, গত বুধবার রাত সোয়া আটটার দিকে মো. মাকসুদুজ্জামান বাউফল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন।
বদলি হওয়া ওসি নরেশ বাউফল থানায় ২০১২ সালের ২৩ নভেম্বর যোগ দিয়েছিলেন। সম্প্রতি মিজানুর রহমানকে থানায় হাতকড়া পরিয়ে রাতভর নির্মম নির্যাতন চালানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের মধ্যে তিনি অন্যতম। নির্যাতনের ওই ঘটনায় দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিকদের পক্ষ থেকেও নিন্দা ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে আন্দোলন চলছে।
বরিশাল অঞ্চলের সাংবাদিকেরা ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দোষী ব্যক্তিদের শাস্তিসহ ওসি নরেশকে বাউফল থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। সাংবাদিক মিজানুর বর্তমানে জেলা কারাগারে।
গত ১৭ মার্চ রাতে বাউফলের কালাইয়ার ল্যাংরা মুন্সির পোল এলাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খান সাংবাদিক মিজানুরের বিরুদ্ধে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বাউফল থানায় এক সাজানো মামলা করেন। রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ থানায় রাতভর নির্যাতন করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।