সাংবাদিক পেটানোর ঘটনায় ছয় ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে পেটানোর ঘটনায় ছয় ছাত্রকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ঘটনার অধিকতর তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গত শনিবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।বহিষ্কৃত ছাত্ররা হলেন: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের মো. শামিম হোসেন, একই ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. মনিরুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. নাহিদ হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের মো. রাশেদুল হক, প্রত্নতত্ত্ব বিভাগের মো. মশিউর রহমান ও প্রাণিবিদ্যা বিভাগের মো. এইচ এম ইবনে মিজান।প্রক্টরিয়াল বডির সদস্যরা জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ডিসিপ্লিনারি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুপার মার্কেটের একটি খাবারের দোকানে দৈনিক জনকণ্ঠ পত্রিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহম্মেদ রিয়াদকে মারধরের বিষয়ে প্রক্টরিয়াল বডির তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বোর্ডের সদস্যরা ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ছাত্রদের তিন মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেন। এ ছাড়া বিষয়টি অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।