সাংবাদিক পেটানোর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পেটানোর ঘটনায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিকদারসহ ৯ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় নির্যাতনের শিকার কাঁঠালিয়ার সাংবাদিক এইচ এম বাদল বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
আদালতের বিচারক রুবাইয়া আমেনা ২৩ মে মামলার শুনানির জন্য দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগী মনির হোসেন, শহীদুল ইসলাম, সেলিম হাওলাদার, মো. আনিচ, মনির খান, এনাম কাজী, মিলন মাস্টার ও মিলন শিকদার।
মামলা দায়ের করতে গতকাল এইচ এম বাদল ভাঙা পা নিয়ে অপরের কাঁধে ভর করে আদালতে উপস্থিত হন। প্রথম আলোকে জানান, তিনি ও তাঁর পরিবার প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনি যথাযথ নিরাপত্তা না পেলে কাঁঠালিয়ায় ফিরে যেতে চান না।