সাংবাদিক পেটানোর প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক এইচ এম বাদলের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলা শহরে মানববন্ধন হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না বলে বাদল জানান। তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাহিদুলকে পেটানোর ঘটনায় ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে সাংবাদিক মুজাহিদুল ইসলাম (১৯) বাদী হয়ে এই মামলা করেন।
গতকাল ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা কমিটি মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আহ্বায়ক আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি সময় ও সময় টিভির জেলা প্রতিনিধি পলাশ রায়, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দৈনিক সময়-এর মফস্বল সম্পাদক (বার্তা) গোলাম মাওলা, দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি শফিউল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঝালকাঠি-১ আসনের সাংসদ বি এইচ হারুন ও তাঁর ছেলে মাহিন হারুনের মালিকানাধীন বনানীর আলোচিত হোটেল রেইনট্রি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সংবাদে লাইক-শেয়ার দেওয়ায় ঝালকাঠির কাঠালিয়ার বরিশাল প্রতিদিন-এর সাংবাদিক এইচ এম বাদলকে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিকদার ও তাঁর সমর্থকেরা মঙ্গলবার দুপুরে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মুজাহিদুলের ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় করা মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়-উদ-দৌলা (২২) ও অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে। মুজাহিদুল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ২৪.কম ও এই সময় পত্রিকার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কাশিয়ানী প্রতিনিধি এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহদপ্তর সম্পাদক।
পাওনা টাকা চেয়ে না পেয়ে গত বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ঐশী স্টুডিওর সামনে মুজাহিদুলকে কিল, ঘুষি ও রড দিয়ে পিটিয়ে ছাত্রলীগের ওই নেতা আহত করেন বলে অভিযোগ ওঠে। মুজাহিদুল বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ছাত্রলীগের নেতা তন্ময়-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, ‘মুজাহিদুলের আমার পাওনা টাকা দিতে অস্বীকার করায় এবং বিভিন্ন সময় হুমকি দেওয়ায় গতকাল (বৃহস্পতিবার) আমি আলফাডাঙ্গা থানায় একটি অভিযোগ দিই।’ তন্ময়-উদ-দৌলা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ছাত্ররাজনীতির পাশাপশি দৈনিক কালের বাণী ও সাপ্তাহিক সময়ের ভাবনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক, অথচ কোনো সংবাদমাধ্যমে তা প্রকাশ করা হয়নি। অপর দিকে মুজাহিদুল সাংবাদিকতার পাশাপাশি আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক, সে কথাটাও লেখা হয়নি।’