সাংবাদিক পেটানোর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহম্মেদ রিয়াদকে পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বহিষ্কারসহ চার দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত সাংবাদিকেরা উপাচার্য বরাবর ওই স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সুপার মার্কেটের একটি খাবারের দোকানে সাংবাদিক আহম্মেদ রিয়াদকে ছাত্রলীগের কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে মারধর করেন। বিশ্ববিদ্যালয়ে এর আগে বেশ কয়েকবার সাংবাদিককে নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে উল্লেখ করে স্মারকলিপিতে রিয়াদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়। এ ছাড়া রিয়াদের চিকিৎসাসংক্রান্ত ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করা, সাংবাদিক লাঞ্ছিত ও নির্যাতনের বিষয়ে এর আগে প্রশাসনের কাছে দেওয়া দুটি অভিযোগের বিচারসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কবিরুল বাসার জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে প্রক্টরিয়াল বডির সদস্যরা তদন্ত-প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী শনিবার ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।