সাংবাদিক পেটালেন যুবলীগের নেতারা!
ফরিদপুরের সালথায় স্থানীয় যুবলীগ নেতাদের বিরুদ্ধে এক সাংবাদিককে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে সালথা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক এম কিউ হুসাইন বুলবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙালি খবর-এর স্টাফ রিপোর্টার।
হুসাইন বুলবুলের অভিযোগ, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য খায়ের শেখ গতকাল সকালে তাঁকে (বুলবুল) মুঠোফোনে উপজেলা পরিষদের সামনে ডেকে নেন। তিনি সেখানে গেলে খায়ের শেখ এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ও নির্বাহী সদস্য সোহেল মাতুব্বরসহ চার-পাঁচজন মিলে তাঁকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
দৈনিক বাঙালির খবর-এর সম্পাদক মো. সেলিম মিয়া অভিযোগ করেন, গত ২২ জুন তাঁর পত্রিকায় ‘টেন্ডারবাজিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। এর জের ধরে ওই প্রকৌশলী ২৭ জুন সন্ধ্যায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে একটি গোপন সভা করেন। পরদিন আরেকটি খবর প্রকাশিত হয় তাঁর পত্রিকায়। এ ঘটনায় সালথা উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী ক্ষুব্ধ হয়ে যুবলীগের নেতাদের দিয়ে হুসাইন বুলবুলকে পিটিয়েছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমি কেন সাংবাদিক মারতে যাব।’
যুবলীগ নেতা বাদল হোসেন বলেন, ‘বুলবুলের সঙ্গে মাজারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামের ইমরানের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে গতকাল সালিস ডাকা হয়। সেখানে আমি উপস্থিত ছিলাম না।’ খায়ের শেখের মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।