সাংবাদিক পেটালেন সাংসদ ওদুদ
বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক যুগান্তর-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এবং স্থানীয় একটি পত্রিকার সম্পাদক এমরান ফারুককে পিটিয়েছেন সদর আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল ওদুদ। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিকেরা সাংসদের সব সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা।
সাংবাদিক এমরান ফারুক বলেন, শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করতে আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উপসহকারী পরিচালক। সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তদন্তের বিষয়ে জানতে তিনিও সেখানে যান। এর কিছুক্ষণ পর সদর আসনের সাংসদ আবদুল ওদুদও সেখানে আসেন। সাংসদ তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে গালিগালাজ করলে তিনি এর প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাংসদ তাঁকে চড়-থাপড় ও লাথি মারেন। সাংসদের সঙ্গে জেম নামে এক সহযোগীও তাঁকে মারধর করেন। তাঁরা মারধর করতে করতে তাঁকে ঘর থেকে বের করে নিয়ে আসেন।
এমরান আরও বলেন, সাংসদ ও তাঁর সহযোগীর মারধরের হাত থেকে বাঁচতে একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে পাশের উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবেস সরকার জানান, তদন্ত কার্যক্রম শুরুর আগেই এমরান সেখানে উপস্থিত হয়ে তদন্ত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে সাংসদ আবদুল ওদুদ ও এমরান বিতর্কে জড়িয়ে পড়েন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে থাকলে কক্ষের বাইরে ঘটেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকারও একই মন্তব্য করেন।
এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন জানান, ‘মার খেয়ে এমরান আমার অফিসে এসে আশ্রয় নেন। প্রকাশ্যে একজন সাংবাদিককে এভাবে মারধর করা ন্যক্কারজনক। এমরান জেলা আওয়ামী লীগের একজন নেতা। দলীয় ফোরামেও এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাব।’
সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক একজন ভালো ছেলে এবং আমাদের দলের সমর্থক। অবৈধ সুবিধা না পেয়ে এমরান তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। তদন্তে আসা কর্মকর্তার সামনেই তদন্ত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। আমি তাঁকে বলি, চলেন আমরা সকলেই এই কক্ষ থেকে চলে যাই এবং তদন্ত কর্মকর্তাকে সুষ্ঠুভাবে তদন্ত করার সুযোগ দিই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আজে বাজে কথা বলেন। আমি রাগ সংবরণ করতে না পেরে তাঁকে একটি থাপড় মেরেছি।’