সাংবাদিক প্রফুল্ল কুমার ভক্ত আর নেই
প্রবীণ সাংবাদিক প্রফুল্ল কুমার ভক্ত (৬০) আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে তাঁর অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তির জন্য ধানমন্ডির একটি ক্লিনিকে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রফুল্ল কুমার ভক্ত স্ত্রী, ছেলে শুভ ভক্ত, মেয়ে শুকরিয়া ভক্তসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। প্রফুল্ল কুমার ভক্তের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ তাঁর মৃত্যুতে একজন নিষ্ঠাবান সাংবাদিককে হারাল। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনা কমিটি প্রফুল্ল কুমার ভক্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। প্রফুল্ল কুমার ভক্তের প্রতি শেষশ্রদ্ধা জানাতে গতকাল সোমবার সকাল ১০টায় তাঁর মরদেহ ভোরের কাগজ ভবনে নেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে এবং সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নেওয়া হয়। বেলা একটায় তাঁর মরদেহ পোস্তগোলা শ্মশানে দাহ করা হয়।প্রফুল্ল কুমার ভক্ত দৈনিক সংবাদ-এ দীর্ঘ ৩০ বছর কাজ করেন। ২০০৬ সালের ২০ মার্চ তিনি ভোরের কাগজ-এ যোগ দেন এবং আমৃত্যু সেখানেই কর্মরত ছিলেন।