সাংবাদিক প্রবীর শিকদারকে ধরে নিয়ে গেছে ডিবি
সাংবাদিক প্রবীর শিকদারকে গতকাল রোববার সন্ধ্যায় তাঁর অনলাইন পত্রিকার কার্যালয় থেকে ধরে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর রাতে তাঁকে নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ডিবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ফরিদপুর সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। ফরিদপুরে নিয়ে গেলে প্রভাবশালী ব্যক্তিরা প্রবীরের জীবনহানি ঘটাতে পারেন বলে স্বজনেরা শঙ্কা প্রকাশ করেছেন।
২০০১ সালে দৈনিক জনকণ্ঠ-এর ফরিদপুর প্রতিনিধি থাকাকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রবীর শিকদার। তাঁর একটি পা কেটে ফেলতে হয়।
স্ত্রী অনিতা শিকদার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় প্রবীর শিকদারের তেজগাঁওয়ের ইন্দিরা রোডের অনলাইন পত্রিকার কার্যালয়ে শেরেবাংলা নগর থানার একদল পুলিশ আসে। তারা প্রবীরকে তাদের সঙ্গে থানায় যেতে বলে। পুলিশ প্রবীরকে পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে একটি মাইক্রোবাসে ডিবি কার্যালয়ের ভেতর থেকে প্রবীর শিকদারকে বের করে পুলিশ। গাড়িটির ভেতর থেকে প্রবীর বাইরে অপেক্ষমাণ স্ত্রী-পুত্রসহ স্বজনদের জানান, তাঁর বিরুদ্ধে ফরিদপুরে আইসিটি আইনে একটি মামলা হয়েছে। ডিবি তাঁকে সেখানেই নিয়ে যাচ্ছে।
এর আগে গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রবীর সম্প্রতি ফেসবুকে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাঁর ‘কিছু হলে’ কয়েকজন ব্যক্তি দায়ী থাকবেন বলেও তিনি পোস্টে উল্লেখ করেন। এসব বিষয়ে শোনার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে।
গতকাল রাতে মামলার বিষয়টি জানার জন্য ফরিদপুর সদর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কেউ ফোন ধরেননি। তবে পুলিশের একটি সূত্র জানায়, ফরিদপুর জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট স্বপন পাল তথ্যপ্রযুক্তি আইনে গতকাল সন্ধ্যায় ফরিদপুর সদর থানায় প্রবীর শিকদারকে আসামি করে একটি মামলা করেন। যোগাযোগ করা হলে স্বপন পাল প্রথম আলোকে বলেন, মামলায় ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে প্রবীরের বিরুদ্ধে।