সাংবাদিক প্রবীর সিকদারের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে একজন মন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলম এ আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৬ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠনের শুনানির সময় সাংবাদিক প্রবীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

এর আগে গত ১৯ এপ্রিল প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। সে সময় ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী তাৎক্ষণিকভাবে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করার নির্দেশ দেন।

সাংবাদিক প্রবীর সিকদার দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।

গত বছর ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়। মামলাটি করেন জেলা পূজা উদ্‌যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। স্বপন পাল জেলা জজ কোর্টের একজন এপিপি।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, প্রবীর সিকদার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে জনসমক্ষে একটি স্ট্যাটাস পোস্ট করেন। তাঁর নিচে তিনি (প্রবীর শিকদার) তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন হিসেবে তিনজনের নাম উল্লেখ করেন। এর মধ্যে ১ নম্বরে বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম রয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, ‘এই পোস্টটি পড়ে আমার দৃঢ়বিশ্বাস হয় যে প্রবীর সিকদার ইচ্ছাকৃতভাবে গণমানুষের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে মিথ্যা-অসত্য লেখা লিখে তাঁর নিজস্ব ফেসবুকে পোস্ট করে মাননীয় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। উক্ত লেখাটি জনসমক্ষে প্রকাশের মাধ্যমে উসকানি প্রদান করে শান্তিপ্রিয় মানুষের কাছে মাননীয় মন্ত্রী মহোদয়কে হেয় প্রতিপন্ন করার জন্য বিদ্বেষ ছড়িয়েছেন। এর ফলে মাননীয় মন্ত্রীর মানহানি ঘটেছে; যা একটি ফৌজদারি অপরাধ।’

১৬ আগস্ট রাতেই প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরদিন আদালতে প্রবীর সিকদারের রিমান্ডের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ আগস্ট প্রবীর সিকদারকে জামিনে মুক্তি দেওয়া হয়।