সাংবাদিক প্রবীর সিকদার ৩ দিনের রিমান্ডে

তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় একাত্তরের শহীদ পরিবারের সন্তান ও সাংবাদিক প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে তাঁর রিমান্ড ও জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারিক হাকিম মো. হামিদুল ইসলাম তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর রিমান্ডে মঞ্জুর করেন।
বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে সাংবাদিক প্রবীর সিকদারকে সরাসরি আদালতে নেওয়া হয়। কোতোয়ালি থানার জিআরও সুবীর দে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানির একপর্যায়ে কাঠগড়ায় উপস্থিত সাংবাদিক প্রবীর সিকদার কিছু বলার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। প্রবীর সিকদার বলেন, আমাকে আগে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরে ফরিদপুরে মামলা হয়েছে। তিনি বলেন, তিনি শেরেবাংলা নগর থানায় হুমকির ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন, কিন্তু থানা তা নেয়নি।
প্রবীর সিকদার বলেন, ‘থানায় আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।’ তিনি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। রিমান্ড মঞ্জুর করা হলে তা জেল গেটে করার জন্য আবেদন জানান।
এর আগে জিআরও সুবীর দে, বাদী স্বপন পালের পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী, অনিমেষ রায়, বদিউজ্জামান বাবুল, গোলাম রব্বানী বাবু মৃধা ও শফিউজ্জামান উজ্জল রিমান্ডের পক্ষের যুক্তি তুলে ধরেন। তাঁরা বলেন, ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে প্রবীর সিকদার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত তা খুঁজে বের করার জন্য এই রিমান্ড প্রয়োজন।
সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষে আইনজীবী আলী আশরাফ নান্নু ও মাসুদ রানা বলেন, প্রবীর সিকদার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তা প্রকাশিত। এই মামলায় তাঁকে ছাড়া অন্য কাউকে আসামি করা হয়নি বা অজ্ঞাতনামা কাউকে আসামি করা হয়নি। তাই এই রিমান্ডের কোনো যুক্তি নেই। তাঁরা প্রবীর সিকদারের জামিন দাবি করেন।
শুনানি শেষে বেলা ১১টা ৫০টার দিকে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২২ সেপ্টেম্বর। দুপুর ১২টা ২ মিনিটের দিকে প্রবীর সিকদারকে আদালত কক্ষ থেকে বের করে প্রিজন ভ্যানে তুলে সরাসরি ফরিদপুর জেলহাজতে নিয়ে যাওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী অনিমেষ রায় বলেন, আমরা প্রবীর সিকদারের ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলাম। আদালত আমাদের দাবির যৌক্তিকতা মেনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রবীর সিকদারের আইনজীবী আলী আশরাফ নান্নু বলেন, এ অভিযোগে রিমান্ডের প্রয়োজন ছিল না। এটি একটি কমপ্লিট এজাহার। এই মামলার একমাত্র আসামি প্রবীর সিকদার। তিনি বলেন, আদালত প্রবীর সিকদারের তিন দিনের পুলিশি রিমান্ড দিয়েছেন।
আদালত প্রাঙ্গণে প্রবীর সিকদারের স্ত্রী অনিতা সিকদার বলেন, আমার স্বামী সাংবাদিকতার জন্য এক পা হারিয়েছেন, তাঁর এক হাত অচল। এ ছাড়া তিনি হৃদরোগী। প্রতিদিন তাঁকে ৮ / ১০ ধরনের ওষুধ খেতে হয়। তিনি সবার দোয়া প্রার্থনা করে বলেন, আপনারা দোয়া করবেন যাতে আমার স্বামী ন্যায়বিচার পান।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে রোববার সন্ধ্যায় প্রবীর সিকদারকে তাঁর রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকা অফিস থেকে আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশ। এরপর পুলিশ তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। রাত ১২টার দিকে তাঁকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে সদর থানায় তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
প্রবীর সিকদারের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ঢাকায় গণজাগরণ মঞ্চ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদের ঝড়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা প্রবীর সিকদারের বাবাসহ তাঁর পরিবারের ১৪ জনকে হত্যা করে। ২০০১ সালে জনকণ্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি থাকাকালে রাজাকারদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন লেখার পর সন্ত্রাসীদের হামলায় তাঁকে একটি পা হারাতে হয়। বর্তমানে তিনি দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের এক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।
মামলার আরজিতে বাদী বলেন, প্রবীর সিকদার গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। শিরোনাম ছিল ‘আমার জীবনের শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’। শিরোনামের নিচে তাঁর মৃত্যুর জন্য যাঁরা দায়ী থাকবেন-এমন তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। এঁদের মধ্যে এক নম্বরে আছেন মাননীয় এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম। স্ট্যাটাসটি পড়ে আমার দৃঢ়বিশ্বাস হয় যে, প্রবীর সিকদার ইচ্ছাকৃতভাবে গণমানুষের প্রিয় নেতা মোশাররফ হোসেন সম্পর্কে অসত্য লেখা লিখে মাননীয় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। লেখাটি জনসমক্ষে প্রকাশের মাধ্যমে উসকানি প্রদান করে শান্তিপ্রিয় মানুষের কাছে মাননীয় মন্ত্রীকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে মাননীয় মন্ত্রীর মানহানি ঘটেছে। যা একটি ফৌজদারি অপরাধ।
আরও পড়ুন: