তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর মধ্যে দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই আদেশ দেন।
ফেসবুকে লেখার মাধ্যমে মন্ত্রী খন্দকার মোশাররফের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ এনে প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৬ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গতকাল মামলার শুনানির সময় সাংবাদিক প্রবীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।