সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সাত দিনের সময়সীমা বেঁধে দিল দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)। আজ সোমবার বিকেলে র‍্যাকের পক্ষ থেকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এমন সময়সীমা বেঁধে দেওয়া হয়।

র‍্যাকের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক এইচ এম সাগরের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের কাছে ওই স্মারকলিপি তুলে দেন। গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে দুদকের অলিখিত বাধা ১৭ এপ্রিলের মধ্যে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে র‍্যাক। সংগঠনটি আশা প্রকাশ করে বলেছে, দুদক গণমাধ্যমকর্মীদের কোনো ধরনের কর্মসূচির দিকে ঠেলে দেবে না।
স্মারকলিপিতে বলা হয়, দুদক একটি স্বাধীন তদন্ত সংস্থা। সাংবাদিকেরাও নিজ পেশায় স্বাধীন থেকে নির্বিঘ্নে ও ব্যক্তি লাভালাভের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সঠিক তথ্যটি গণমাধ্যমে তুলে ধরতে চান। কিন্তু নিষেধাজ্ঞা জারি করে সেই পথ সংকুচিত করা হয়েছে। বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মাত্র দেড় ঘণ্টায় নির্দিষ্ট দুজন কর্মকর্তার কাছ থেকে তথ্য পাওয়া একটি অবাস্তব বিষয়।
তথ্য দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ওই দুই কর্মকর্তা অনুসন্ধান, তদন্ত বা দুর্নীতি প্রতিরোধের কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকার কারণে যথাসময়ে তথ্য দিতে পারেন না। আবার তাঁরা যখন তথ্য দিতে পারেন, তখন সেই সংবাদের আর গুরুত্ব থাকে না। তাঁরা হয়তো দুদকের পক্ষে বক্তব্য দিতে পারেন। কিন্তু বক্তব্য আর তথ্য প্রাপ্তি দুটি ভিন্ন বিষয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০১২ সালের আদেশের সূত্র ধরে দুদকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘটনায় র‍্যাক বিস্মিত। দুদকের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ। কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিবৃতির পরও দুদক এ বিষয়ে ইতিবাচক কোনো উদ্যোগ না নিয়ে দুদক তার সিদ্ধান্তে অটল রয়েছে। র‍্যাক মনে করছে, এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে একদিকে দুদকের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব বাড়ার পাশাপাশি দুদকের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন উঠবে। একই সঙ্গে দুদক সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে।