সাংবাদিক ফওজুল করিমের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফওজুল করিম গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তারা নামে তিনি সমধিক পরিচিত ছিলেন।

বাসস জানায়, আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ধানমন্ডির ৭ নম্বর রোডের মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে। তিনি বিলুপ্ত দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ছিলেন।

ফওজুল করিম ১৯৩০ সালের ২৭ নভেম্বর বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে দৈনিক সংবাদ-এ তাঁর সাংবাদিকতা শুরু। ১৯৬৪ সালে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগ দেন। তিনি জ্যেষ্ঠ উপসম্পাদক, বার্তা সম্পাদক এবং পরে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চিত্র সমালোচনা ছাড়াও ফিচার ও বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। সংগীতপ্রেমীও ছিলেন।

ফওজুল করিমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় বলায় হয়, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাচাতো ভাই ছিলেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ শোকবার্তায় ফওজুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।