সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
পল্টনে সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রীর হত্যার ঘটনায় গ্রেপ্তার শফিকুল ইসলাম সুজনকে (২০) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার রাতে মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিজের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, শফিকুল ইসলাম একজন মুঠোফোন মেরামতকারী। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি শুক্রবার রাত নয়টার দিকে শফিকুলের ‘ভাই ভাই মোবাইল সার্ভিসিং’ দোকানে ২১-২২ বছরের দুজন যুবক আসে এবং ফরহাদ খাঁর ব্যবহূত মুঠোফোন খুলে সিম রেখে অন্য একটি সিম নিয়ে চলে যায়। পরে শফিকুল ইসলাম ওই সিম ব্যবহার করতে থাকেন। এরই সূত্র ধরে গত রোববার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার শফিকুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুল হক আরও জানান, শফিকুল ইসলাম ওই যুবকদের দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন। এ জন্য তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তা ছাড়া ফরহাদ খাঁর ব্যবহূত মুঠোফোনের আইএমই নম্বরের মাধ্যমে খুনিদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।