সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফারুকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক (৫৩) সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সবশেষ তিনি আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর কাকরাইল মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।
ফারুকের স্বজন মো. আখলাকুর রহমান বলেন, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন ফারুক। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে আসেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ফারুকের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার।

ফারুকের গ্রামের বাড়ি পাবনায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে থাকতেন। তাঁর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে।